
কাঠমান্ডু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নেপালের রাসুয়া জেলায় চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সুড়ঙ্গের ভিতরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর সময় এই চারটি দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল।
চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে উদ্ধার অভিযানে নিযুক্ত সশস্ত্র পুলিশ পরিদর্শক ওয়াকিল বাহাদুর ধানুক দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট রসুয়ার ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যার জেরে চিলিমে-সহ একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর প্রকল্পগুলিতে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক ও কর্মী নিখোঁজ হন। চিলিমে প্রকল্পের পাওয়ার হাউস ও গেটে কর্মরত ছ’জন কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। তাঁরা প্রকল্পের ভিতরে আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সুড়ঙ্গের ভিতরে কর্মীদের আটকে থাকার আশঙ্কায় নেপালি সেনা ও সশস্ত্র পুলিশের ১১ সদস্যের একটি দল তল্লাশি ও উদ্ধার অভিযানে নামে। ভয়াবহ বন্যার পর বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে মানুষ আটকে পড়ার আশঙ্কায় লাগাতার তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস