
কাঠমান্ডু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র সভাপতি রবি লামিছানের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বন্যা-পরবর্তী ত্রাণ, উদ্ধার ও পুনর্গঠন কাজের পর্যালোচনা করা হয়েছে। ভোটেকোশি নদীর বন্যা-সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বুধবার বৈঠকের পর আরএসপি-র মুখপাত্র জগদীশ খারেল জানান, বন্যার পর তল্লাশি ও উদ্ধার অভিযান, ত্রাণসামগ্রী বিতরণ, পুনর্বাসন এবং পুনর্গঠনের ক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দলগুলির তরফে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রবি লামিছানের নেতৃত্বে গঠিত সর্বদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এই ব্যবস্থায় আরএসপি, নেপালি কংগ্রেস, নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল), নেপালি কমিউনিস্ট পার্টি, শ্রম সংস্কৃতি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জনতা সমাজবাদী পার্টি নেপাল এবং জনমত পার্টি-সহ সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন।
এছাড়াও এক সপ্তাহের মধ্যে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। সংসদে প্রতিটি দলের আসনসংখ্যার ভিত্তিতে ওই কমিটিতে প্রতিনিধিত্ব থাকবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন, পরিস্থিতি খতিয়ে দেখা এবং বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের দায়িত্ব থাকবে এই কমিটির। তবে কমিটির কাজের পরিধি এখনও নির্ধারণ করা হয়নি। বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের আসন্ন রাষ্ট্রসঙ্ঘ–র সফর নিয়েও আলোচনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস