
শিমলা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬-তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর অংশ হিসেবে হিমাচল প্রদেশের শিমলাতেও বিজেপি এবং ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির-সহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিমলার ঐতিহাসিক রিজ ময়দানে জেলা যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি শিমলা বিধানসভা এলাকার ফাগু, বালুগঞ্জের মাতা কামনা মন্দির এবং শিমলা গ্রামীণের সুন্নিতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রিজ ময়দানে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেন বিজেপির শিমলা জেলা সভাপতি কেশব চৌহান এবং যুব মোর্চার জেলা সভাপতি সুমিত ঠাকুর। তাঁরা নিজেরাও রক্তদান করেন। সুমিত ঠাকুর জানান, প্রতি বছর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচির আয়োজন করে যুব মোর্চা। সেই ধারাবাহিকতায় এ বছর রিজ ময়দানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে অন্তত ৭৬ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তাঁর দাবি, শিমলা জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির রাজ্য কার্যালয় ‘দীপকমল’ এবং ঐতিহাসিক জাখু মন্দিরে সম্মিলিত প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি ‘আশীর্বাদের প্রদীপ’ অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে।
বিজেপির শিমলা জেলা সভাপতি কেশব চৌহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনজীবনকে ‘সেবা ও সংকল্পের সময়কাল’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের দরবারে ভারতের নতুন পরিচয় তৈরি এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য সামনে রেখে কাজ করা হয়েছে। ধারা ৩৭০ প্রত্যাহার, রাম মন্দির নির্মাণ, আয়ুষ্মান ভারত এবং তিন তালাক প্রথা নিষিদ্ধ করার মতো বিষয়গুলির উল্লেখ করে তিনি এগুলিকে দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস