
রিয়াসি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় মাতা বৈষ্ণোদেবী যাত্রাপথে বৈধ পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া ঘোড়া চালানোর অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বাণগঙ্গা পুলিশ ফাঁড়ির আওতাধীন যাত্রাপথে প্রয়োজনীয় নথিপত্র ছাড়া ঘোড়া চালানোর অভিযোগে রাহুল কুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাহুল রিয়াসি জেলার কাটরা তহসিলের অর্লি হান্সলি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
যাত্রাপথে ঘোড়া চালকদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী বৈধ পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড রাখা বাধ্যতামূলক। কিন্তু রাহুল প্রয়োজনীয় নথি ছাড়াই কাজ করছিলেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ।
রিয়াসি পুলিশের পক্ষ থেকে যাত্রাপথে কর্মরত সমস্ত ঘোড়া চালককে বৈধ রেজিস্ট্রেশন ও পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথি ছাড়া কাউকে কাজ করতে দেখা গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আসা তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং তাঁদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যাত্রাপথে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে রিয়াসি পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস