
অযোধ্যা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার উত্তর প্রদেশের অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণে দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয়। মন্দির নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলঅ্যান্ডটি-র উদ্যোগে ঐতিহ্য মেনে এই পুজোর আয়োজন করা হয়।
পুজোয় এলঅ্যান্ডটি-র ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ ও কর্মীরা অংশ নেন। মন্দির নির্মাণের বাকি কাজগুলি যাতে নির্বিঘ্নে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, সেই প্রার্থনা করা হয়। পাশাপাশি নির্মাণকাজের সঙ্গে যুক্ত সকলের সুখ, সমৃদ্ধি ও কাজের সাফল্য কামনা করা হয়।
প্রথা মেনে পুজো করা হয় নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন ও সরঞ্জামেরও। নির্মাণকাজের সঙ্গে যুক্ত কর্মী ও প্রযুক্তিগত দলের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস