
জীবনতলা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। ঘটনায় আজিজুল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকেই জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয়েছে প্রায় ১২৪ সেন্টিমিটার লম্বা একটি দেশি আগ্নেয়াস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ন'টা নাগাদ জীবনতলা থানার অন্তর্গত মৌখালি কাছারিঘাট এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে বলে খবর পায় পুলিশ। খবর পাওয়ার পর দ্রুত তৎপর হয় পুলিশ। রাতেই সেখানে তল্লাশি চালিয়ে আজিজুলকে একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, মৌখালি কাছারিঘাটে রাস্তার পাশে ফিসারির ‘আলা’ ঘরে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রাখা ছিল। অভিযুক্তের দেখানো জায়গায় গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ সেটিকে উদ্ধার করে। অস্ত্রটি কোথা থেকে ওই ব্যক্তির কাছে এল এবং এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা