শহরের প্রাণকেন্দ্রে ‘কঙ্কালসার’ রাস্তা! এক হাঁটু গর্তে নাজেহাল লক্ষাধিক মানুষ, প্রশাসকের হস্তক্ষেপের দাবি
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, ২ সেপ্টেম্বর (হি.স.): বসিরহাট শহরের গুরুত্বপূর্ণ শরৎ বিশ্বাস রোডের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মাটিন বার্ন রোডের সঙ্গে সংযুক্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ব
বেহাল রাস্তা


বসিরহাট, উত্তর ২৪ পরগনা, ২ সেপ্টেম্বর (হি.স.): বসিরহাট শহরের গুরুত্বপূর্ণ শরৎ বিশ্বাস রোডের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মাটিন বার্ন রোডের সঙ্গে সংযুক্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির সময় গর্তগুলিতে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে ছাত্রছাত্রী, পথচারী এবং যানবাহন চালকদের।

শরৎ বিশ্বাস রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। ভারত-বাংলাদেশ ঘোড়াডাঙা সীমান্তের স্থলবন্দরের সঙ্গে যোগাযোগকারী এই এলাকায় প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাক চলাচল করে বলে জানা যায়। পাশাপাশি টোটো, অটো, বাস-সহ বিভিন্ন যানবাহনের চাপও রয়েছে।

এই রাস্তার আশপাশেই রয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল, বসিরহাট পৌরসভা, আদালত, পোস্ট অফিস এবং মহকুমা শাসকের দপ্তর-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, ধামাখালি, বারাসত, মসলন্দপুর ও বনগাঁ-সহ বিভিন্ন রুটের বাসও এই রাস্তা দিয়ে চলাচল করে।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে রাস্তার এই বেহাল অবস্থা চললেও স্থায়ী সংস্কারের উদ্যোগ দেখা যায়নি। দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি প্রশাসকের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande