
পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর (হি.স.): এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলল। বুধবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক চার বছরের শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে চন্দ্রকোনা পৌর প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় জোরকদমে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার এবং মশা নিধন অভিযান।
পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হচ্ছে। বাড়ির আশপাশে যাতে কোথাও জল জমে না থাকে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি জমা জল এবং মশার বংশবিস্তার রোধে বিভিন্ন এলাকায় মশা নিধন তেল স্প্রে করার কাজও চলছে।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের একাংশের অসচেতনতার কারণেই পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। বিশেষ করে বাড়ির আশপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা জল মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তাই ডেঙ্গু মোকাবিলায় পুরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে।
এক শিশুর আক্রান্তের খবর ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে। আগামী দিনগুলিতেও নিয়মিত নজরদারি ও মশা নিধন অভিযান চালানো হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়