ছেলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে স্কুলের গেটে পরিবারের বিক্ষোভ
মহিষাদল, ২১ সেপ্টেম্বর (হি.স.):- ছেলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে স্কুলের গেটে বিক্ষোভ দেখাল মৃত পড়ুয়ার পরিবার ও আত্মীয়স্বজনেরা। সোমবার মহিষাদলের মধ্যহিংলীতে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। গত ৩ সেপ্টেম্বর মাঠে
স্কুলের গেটে ধর্না


মহিষাদল, ২১ সেপ্টেম্বর (হি.স.):-

ছেলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে স্কুলের গেটে বিক্ষোভ দেখাল মৃত পড়ুয়ার পরিবার ও আত্মীয়স্বজনেরা। সোমবার মহিষাদলের মধ্যহিংলীতে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়।

গত ৩ সেপ্টেম্বর মাঠে ফুটবল খেলতে গিয়ে পুকুরে পড়ে যাওয়া বল কুড়োতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় মহিষাদলের এপেক্স অ্যাকাডেমির ১৪ বছরের পড়ুয়া রোহন মাইতির। পরিবারের অভিযোগ, রোহনকে খুন করা হয়েছে। ঘটনার প্রায় ১৫ দিন পরেও সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ তুলে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও আত্মীয়রা।

মৃত পড়ুয়ার ছবি এবং সঠিক তদন্তের দাবিতে লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা স্কুল ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। তবে পরীক্ষা চলায় বেশি সংখ্যক মানুষকে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর স্কুলের গেটের সামনেই বিক্ষোভ শুরু করেন পরিবারের সদস্যরা। পরে স্কুলের প্রিন্সিপাল ও কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলেন।

মৃতের বাবা-মায়ের দাবি, তাঁদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে না এবং স্কুলও সহযোগিতা করছে না। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তাঁরা।

স্কুলের প্রিন্সিপাল নয়নতারা রায় বলেন, “বিষয়টি এখন আইনের হাতে। পুলিশ প্রশাসনকে আমরা সব রকম সহায়তা করে চলেছি। আমরাও চাই ঘটনার সত্যতা সামনে আসুক।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande