রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার অবক্ষয় বাম ও তৃণমূলের আমল থেকে শুরু: দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর (হি. স.) : বামেরা সব জানে। তাদের কাছে কার্ল মার্কস ও লেনিন যা বলেছেন, তাই ধ্রুব সত্য। তারা কী করেছে? একের পর এক হাসপাতাল শেষ করেছে। সোমবার দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি ''বেঙ্গল মেডিক্যাল কলেজ''-এর শুভ উদ্বোধনে এসে ৩৪ বছ
রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার অবক্ষয় বাম ও তৃণমূলের আমল থেকে শুরু: দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়


দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর (হি. স.) : বামেরা সব জানে। তাদের কাছে কার্ল মার্কস ও লেনিন যা বলেছেন, তাই ধ্রুব সত্য। তারা কী করেছে? একের পর এক হাসপাতাল শেষ করেছে। সোমবার দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি 'বেঙ্গল মেডিক্যাল কলেজ'-এর শুভ উদ্বোধনে এসে ৩৪ বছরের বাম শাসন ও পরবর্তীতে তৃণমূলের আমলের স্বাস্থ্যব্যবস্থার অবক্ষয়ের চিত্র তুলে ধরে তীব্র আক্রমণ শানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর দুর্গাপুরে এটিই প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ। সোমবার প্রদীপ প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন বিধাননগরে ১৫৫ শয্যাবিশিষ্ট নতুন বেসরকারি মেডিক্যাল কলেজটির যাত্রা শুরু হলো।

সম্প্রতি রাজ্যের একের পর এক জেলা ও গ্রামীণ হাসপাতালের বেহাল পরিষেবা এবং ভুয়ো চিকিৎসকদের রমরমা কারবারের চিত্র প্রকাশ্যে এসেছে। যদিও সেই সমস্ত ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক ধরপাকড়ও ইতিমধ্যেই শুরু হয়েছে। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, এই বর্তমান পরিস্থিতির জন্য শুধুই তৃণমূল সরকারকে দোষ দিলে চলবে না। ড. বিধানচন্দ্র রায়ের পর থেকেই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর অবক্ষয় শুরু হয়েছে এবং তা ধারাবাহিকভাবে চলেছে।

৩৪ বছরের বাম ও ১৫ বছরের তৃণমূল শাসনের সমালোচনা করে তিনি আরও যোগ করেন, ৩৪ বছরের বামেদের এবং ১৫ বছরের তৃণমূলের শাসনে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। বর্তমানে তা দ্রুত মেরামত ও সংশোধন করার কর্মযজ্ঞ শুরু হয়েছে। রাজ্যে বর্তমানে ২৪টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে, আরও ৫টি গড়ে তোলা হবে—যার মধ্যে কালিম্পং ও বালুরঘাটে দুটির ভূমিপূজন আসন্ন। সম্প্রতি বর্ধমানের তালিতে একটি বেসরকারি মেডিক্যাল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানে অপর্যাপ্ত শয্যা ছিল এবং একটি হাসপাতাল ভাড়া নিয়ে চালানো হচ্ছিল। কর্তৃপক্ষই ইমেইল করে তা জানিয়েছে। উপযুক্ত হাসপাতাল ছাড়া মেডিক্যাল কলেজ চলতে পারে না, তাই ভর্তি বন্ধের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, চিকিৎসা শিক্ষার গুণগত মান ধরে রাখা নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি জানান, রাজ্যে বর্তমানে সাড়ে সাত হাজার এমবিবিএস আসন রয়েছে, যার মধ্যে নতুন করে আরও ৯৭৫টি আসন বৃদ্ধি করা হয়েছে। নতুন নতুন উদ্যোগের পাশাপাশি শিক্ষার মান ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আধুনিক চিকিৎসা শিক্ষায় গুণগত মান কঠোরভাবে বজায় রাখতে হবে। একই সঙ্গে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে তথ্য তুলে ধরে তিনি জানান, প্রকল্পটি দ্রুত গতিতে এগোচ্ছে এবং প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ এতে নথিভুক্ত হচ্ছেন। পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা সংক্রান্ত পরিষেবাও সমান তালে এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, দেশে প্রথম মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও আয়ুর্বেদ কলেজের জন্ম এই বাংলাতেই। সরকারি ও বেসরকারি সমন্বিত স্বাস্থ্যব্যবস্থায় আমরা পশ্চিমবঙ্গের সেই হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হব।

অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বনসাল আশাপ্রকাশ করে বলেন, যে 'সোনার বাংলা'র স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেই সোনার বাংলা নিশ্চয়ই তৈরি হবে। বাংলা বিকশিত হলেই তবে প্রকৃত অর্থে বিকশিত ভারত গড়ে উঠবে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande