এবার স্থায়ী হাতি 'রামলাল'-এর হানায় গুরুতর আহত এক ব্যক্তি, স্থানান্তরিত মেদিনীপুর মেডিকেলে
ঝাড়গ্রাম, ২১ সেপ্টেম্বর (হি. স.) : ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় পরিচিত স্থায়ী দাঁতাল হাতি ''রামলাল''-এর মুখোমুখি পড়ে গিয়ে আক্রমণের শিকার হলেন এক ব্যক্তি। সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের মাণিকপাড়া রেঞ্জের রমরমা ব
এবার স্থায়ী হাতি 'রামলাল'-এর হানায় গুরুতর আহত এক ব্যক্তি, স্থানান্তরিত মেদিনীপুর মেডিকেলে


ঝাড়গ্রাম, ২১ সেপ্টেম্বর (হি. স.) : ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় পরিচিত স্থায়ী দাঁতাল হাতি 'রামলাল'-এর মুখোমুখি পড়ে গিয়ে আক্রমণের শিকার হলেন এক ব্যক্তি। সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের মাণিকপাড়া রেঞ্জের রমরমা বিটের অন্তর্গত ডুমুরিয়া এলাকায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হাতির হানায় গুরুতর আহত ওই ব্যক্তির নাম নিরঞ্জন দোলই (৫০)। তিনি ডুমুরিয়া গ্রামেরই স্থানীয় বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে নিরঞ্জন দোলই মেটাল চক থেকে হেঁটে ডুমুরিয়ার দিকে নিজ বাড়ির অভিমুখে ফিরছিলেন। সেই সময় আচমকাই রাস্তার পাশের একটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে রামলাল এবং নিরঞ্জনবাবু সরাসরি হাতিটির মুখোমুখি পড়ে যান। কিছু বুঝে ওঠার আগেই দাঁতাল হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে এবং স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।

বনদফতর সূত্রে আরও জানা গিয়েছে, সাধারণত শান্ত স্বভাবের এই দাঁতালটি এদিন সকালে গুপ্তমণির দিক থেকে ৪৯ নম্বর জাতীয় সড়ক বরাবর হেঁটে এসে বালিভাষার জঙ্গলে প্রবেশ করে। এরপর মাণিকপাড়া হয়ে রমরমা বিট এলাকা পেরিয়ে মেদিনীপুর বনবিভাগের অভিমুখে যাওয়ার সময় ডুমুরিয়া সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরই বনকর্মীরা রামলালের গতিবিধির ওপর কড়া নজরদারি (মনিটরিং) শুরু করেছেন। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ব্যক্তির যাবতীয় চিকিৎসা সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande