
খোয়াই (ত্রিপুরা), ২১ সেপ্টেম্বর (হি.স.) : খোয়াইয়ের বাইজালবাড়ি থানাধীন বগাবিল টিটিএএডিসি ভিলেজ এলাকায় নয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি-র খোয়াই মহকুমা কমিটি। একইসঙ্গে ঘটনায় জড়িত অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
এই দাবিতে সোমবার খোয়াই মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মহিলা থানার ওসি-র সঙ্গে সাক্ষাৎ করে। পরে তাঁদের হাতে দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার বাইজালবাড়ি থানাধীন বগাবিল টিটিএএডিসি ভিলেজ এলাকায় নয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় স্থানীয় ১৭ বছর বয়সি নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে স্থানীয় আদালতে তাঁকে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে অভিযুক্তকে হোমে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিন ডেপুটেশন থেকে সংগঠনের পক্ষ থেকে অভিযোগটির দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে আইন অনুযায়ী দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
মহিলা থানায় ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধিদলে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই জেলা কমিটির সম্পাদিকা হেপী চক্রবর্তী, মহকুমা কমিটির সম্পাদিকা রত্না চক্রবর্তী, নারীনেত্রী ঝর্ণা দেবসরকার, রত্না চৌধুরী ও সীমা রায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ