
বড়ঞা, ২১ সেপ্টেম্বর (হি.স.):- চলন্ত বাইকে পকেটে থাকা মোবাইল ফোন আচমকাই বিস্ফোরিত হওয়ার অভিযোগ। বিস্ফোরণের জেরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোতে ধাক্কা মারেন বাইক আরোহী। ঘটনায় বাইক আরোহী-সহ মোট তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহাদুরপুর থেকে ডাকবাংলার দিকে বাইকে করে যাচ্ছিলেন এক যুবক। সেই সময় তাঁর পকেটে থাকা মোবাইল ফোনে আচমকাই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক। এরপর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থাকা একটি টোটোতে ধাক্কা মারেন তিনি।
দুর্ঘটনায় টোটোতে থাকা দুই যাত্রী গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তিন আহতকে উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মোবাইলের ব্যাটারিতে ত্রুটি, অতিরিক্ত তাপমাত্রা নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ—ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়