
মূর্শিদাবাদ, ২১ সেপ্টেম্বর (হি. স.) : প্রচারের ময়দানে নেই। তবে ভোটের ময়দান ছাড়ছেন না। ঘণ্টা চারেক পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে বহরমপুর থানা থেকে বেরিয়ে সোমবার এমনই হুঙ্কার দিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। যদিও বুধবার আবার থানায় হাজিরার পুলিশি নোটিস দেওয়া হয়েছে তাঁকে।
তিনি সাংবাদিকদের বলেন, ভোটলুটের চক্রান্ত শেষ করবেন আগামী ৬ অক্টোবর। প্রয়োজনে সেদিনই তাঁর জীবনের শেষ দিন হবে। পুলিশ, বিজেপি এবং অবিভক্ত তৃণমূলকে একযোগে নিশানা করে হুমায়ুন জানান, তাঁর ছেড়ে দেওয়া রেজিনগরে আসনে বিজয়ী হবেন পুত্র গোলাম নবী আজ়াদ-ই।
সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে দূরভাষে উস্কানিমূলক কথাবার্তার একটি অডিয়ো ফাঁস হয়েছে। একটি কণ্ঠ হুমায়ুনের বলে অভিযোগ করে থানায় মামলা হয়। ওই অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে হুমায়ুনের বাড়ি গিয়েছিল বহরমপুর থানার পুলিশ। নওদার বিধায়কের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৯৯, ১৪৮, ১৫২, ১৯২, ১৯৬ (২), ৬১(২) ধারায় মামলা রুজু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত