
নওশেরা, ২১ সেপ্টেম্বর (হি.স.): প্রশাসনের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের হাত ধরে সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন এসেছে জম্মু ও কাশ্মীরের নওশেরা মহকুমার প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রামগুলিতে। উন্নত পরিকাঠামোর কারণে দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সাধারণ মানুষের জীবন।
নওশেরা ডিভিশনের আরঅ্যান্ডবি দফতরের ইঞ্জিনিয়ার ভুবনেশ কুমার জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থার ঘাটতি মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তিনি বলেন, নওশেরা বিধানসভা এলাকায় বর্তমানে প্রায় ১২ থেকে ১৩টি সেতুর নির্মাণকাজ চলছে। যে সমস্ত পঞ্চায়েত এলাকায় যোগাযোগের সমস্যা ছিল, সেখানেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর ফলে স্থানীয়দের সমস্যা অনেকটাই মিটছে। সড়ক যোগাযোগের উন্নতির পাশাপাশি বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবাও এখন অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে।
সীমান্তবর্তী অঞ্চলের এই রূপান্তরে খুশি স্থানীয় বাসিন্দারাও। অশ্বিনী চৌধুরী নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সীমান্ত এলাকায় যে গতিতে উন্নয়ন ও নির্মাণের কাজ চলছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা ও সেতুগুলি। পিছিয়ে পড়া এবং সীমান্ত অঞ্চলে যদি এভাবে পরিকাঠামোগত উন্নতি চলতে থাকে, তবে মানুষ কাজের খোঁজে শহরে ভিড় করবে কেন? এর ফলে শহরাঞ্চলের ওপর অযথা জনসংখ্যার চাপও কমবে। যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ায় সীমান্ত এলাকার সার্বিক আর্থ-সামাজিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসছে বলে মনে করছেন স্থানীয়রা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ