সুন্দরবনের মৎস্যজীবীদের সমস্যা নিয়ে ৮ দফা দাবিপত্র পেশ
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : সুন্দরবনের বঞ্চিত মৎস্যজীবীদের সমস্যা নিয়ে ৮ দফা প্রধান বিষয়বস্তু তুলে দাবিপত্র পেশ করল পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ইউনিয়ন, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি। কমিটির সম্পাদক সুকান্ত সরকার ও সভাপতি গোবিন্দ দাস সোমবার এক সাংবাদ
মৎস্যজীবীদের সমস্যা নিয়ে ৮ দফা দাবিপত্র পেশ


কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : সুন্দরবনের বঞ্চিত মৎস্যজীবীদের সমস্যা নিয়ে ৮ দফা প্রধান বিষয়বস্তু তুলে দাবিপত্র পেশ করল পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ইউনিয়ন, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি।

কমিটির সম্পাদক সুকান্ত সরকার ও সভাপতি গোবিন্দ দাস সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, আমাদের ৮ দফা প্রধান বিষয়বস্তু হ'ল-

১. BLC বাতিলের পরিকল্পনা বন্ধ করে প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে-

সুন্দরবন টাইগার রিজার্ভের আওতায় প্রকৃত মৎস্যজীবীদের BLC (Boat License Certificate) অন্যায়ভাবে বাতিল করার যে কোনো পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে। মৎস্যজীবীদের পাস, পারমিট ও BLC প্রদানের প্রক্রিয়া সহজ, স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগত করতে হবে।

সম্প্রতি ৯৪ জন BLC মালিককে শোকজ করা হয়েছে এবং তাঁদের BLC-সংক্রান্ত বিষয়ে সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) দপ্তরে শুনানি চলছে। শুনানি চলাকালীন সংশ্লিষ্ট BLC অন্য ব্যক্তির নামে অস্থায়ীভাবে ইস্যু বা হস্তান্তরের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মৎস্যজীবীদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে হবে।

২. BLC Mutation প্রক্রিয়া অবিলম্বে পুনরায় চালু করতে হবে-

প্রকৃত ও ঐতিহ্যবাহী মৎস্যজীবীদের বৈধ অধিকার সুরক্ষিত রাখতে BLC Mutation প্রক্রিয়া অবিলম্বে পুনরায় চালু করতে হবে। কোনোভাবেই তাঁদের দীর্ঘদিনের অধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া যাবে না।

৩. বাঘ ও কুমিরের আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সুরক্ষা দিতে হবে-

বাঘের আক্রমণে স্বামীহারা বাঘ বিধবাদের জন্য মাসিক ₹১০,০০০ ভাতা চালু করতে হবে। বাঘ বা কুমিরের আক্রমণে কোনো মৎস্যজীবীর মৃত্যু বা অঙ্গহানি হলে দ্রুত ও যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের অন্তত একজন সদস্যের জন্য স্থায়ী বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

৪. যৌথ সমন্বয় কমিটি গঠন করতে হবে-

Forest Department, Fisheries Department এবং মৎস্যজীবী ইউনিয়নের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ সমন্বয় কমিটি (PPP Model) গঠন করতে হবে। এই কমিটির মাধ্যমে মৎস্যজীবীদের সমস্যা নিয়মিতভাবে পর্যালোচনা করে দ্রুত ও কার্যকর সমাধানের ব্যবস্থা করতে হবে।

৫. বিশেষ বীমা, জরুরি আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে-

সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য বিশেষ জীবন ও দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করতে হবে। বিপদগ্রস্ত মৎস্যজীবী ও তাঁদের পরিবারের জন্য জরুরি আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। দ্রুত উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক রেডিও যোগাযোগ ব্যবস্থা, GPS এবং জরুরি যোগাযোগব্যবস্থা চালু করতে হবে।

৬. নিরাপদে মাছ ধরার অধিকার ও পরিচয়পত্র নিশ্চিত করতে হবে-

সুন্দরবনের নদী ও জলপথে প্রকৃত ও ঐতিহ্যবাহী মৎস্যজীবীদের আইনসম্মত, নিরাপদ ও ন্যায্যভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করতে হবে। তাঁদের জন্য সরকারি স্বীকৃত পরিচয়পত্র এবং ডিজিটাল Fishermen Card চালু করতে হবে।

৭. Ban Period-এ বিশেষ আর্থিক সহায়তা দিতে হবে-

মাছ ধরার নিষেধাজ্ঞার সময় (Ban Period) মৎস্যজীবী পরিবারগুলিকে মাসিক ₹৫,০০০ বিশেষ ভাতা প্রদান করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত চাল, রেশন ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করতে হবে, যাতে নিষেধাজ্ঞার সময় কোনো মৎস্যজীবী পরিবার অনাহার বা চরম আর্থিক সংকটে না পড়ে।

৮. শিক্ষা, চিকিৎসা ও Fishermen Welfare Board গঠন করতে হবে-

সুন্দরবনের মৎস্যজীবী পরিবারের সন্তানদের শিক্ষার জন্য বিশেষ সরকারি অনুদান, বৃত্তি ও সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। পরিবারের সদস্যদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে হবে। মৎস্যজীবীদের দীর্ঘমেয়াদি কল্যাণ, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে একটি Fishermen Welfare Board গঠন করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande