
গণ্ডাছড়া (ত্রিপুরা), ২১ সেপ্টেম্বর (হি.স.) : নেশার টাকা দিতে অস্বীকার করায় বাবাকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গুরুতর ঘটনার পর আহত বাবা ন্যায়বিচারের আশায় গণ্ডাছড়া থানার দ্বারস্থ হয়েছেন। সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার দুর্গাপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, দুর্গাপুর গ্রামের বাসিন্দা কান্ত ত্রিপুরা গণ্ডাছড়া মহকুমার পানীয় জল দফতরের গ্রুপ-ডি কর্মচারী। তাঁর অভিযোগ, তাঁর ২৭ বছর বয়সি ছেলে অতীন্দ্র ত্রিপুরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ২০১৭ সাল থেকে সে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত বলে দাবি করেছেন বাবা। কয়েক বছর ধরে শিরার মাধ্যমে মাদক গ্রহণ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
কান্ত ত্রিপুরার অভিযোগ, ছেলের নেশার জোগান দিতে প্রতিদিন তাঁকে ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত দিতে হতো। টাকা দিতে অস্বীকার করলেই ছেলে তাঁকে মারধর করত বলে অভিযোগ। এমনকি নেশার টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন সামগ্রীও ছেলে বিক্রি করে দিয়েছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার সকালে নেশার টাকা চেয়ে বাবার কাছে চাপ সৃষ্টি করে অতীন্দ্র। সেই সময় কান্ত ত্রিপুরা ছেলেকে ৭০০ টাকা দেন বলে জানান। কিন্তু কিছুক্ষণ পর, বেলা ১১টা নাগাদ অতীন্দ্র ফের বাবার কাছে আরও ১,০০০ টাকা দাবি করে। কান্ত ত্রিপুরা টাকা দিতে অস্বীকার করতেই ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
অভিযোগ, এরপর পকেটে থাকা একটি ছুরি বের করে বাবাকে আঘাত করে অতীন্দ্র। ছেলের হাত থেকে কোনওক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে কান্ত ত্রিপুরা সরাসরি গণ্ডাছড়া থানায় গিয়ে হাজির হন। থানায় পৌঁছানোর পর পুলিশ তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি ফের থানায় ফিরে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় দ্রব্যের রমরমা বেড়েছে। প্রকাশ্যে হাটবাজারসহ বিভিন্ন এলাকায় দেশি-বিদেশি মাদক বিক্রির অভিযোগও উঠছে। এর ফলে যুবসমাজের একাংশ নেশার কবলে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এই পরিস্থিতিতে মাদক কারবারি ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, নেশাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রেও কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ