
আগরতলা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় কলেজটিলা লেকের পাড় এলাকা থেকে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য পাঁচ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা গাঁজাগুলি নিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশনের দিকে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার কলেজটিলা ফাঁড়ির পুলিশ লেকের পাড় সংলগ্ন এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় হাতে দুটি ব্যাগ নিয়ে দুই যুবককে ওই এলাকা দিয়ে যেতে দেখে পুলিশ তাঁদের থামার নির্দেশ দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় কলেজটিলা ফাঁড়ির পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশের নজরে আসে, যুবকদের বহন করা দুটি ব্যাগে গাঁজার মতো পদার্থ রয়েছে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের জানানো হয়। খবর দেওয়া হয় মহকুমা প্রশাসনের ডিসিএমকেও। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার এবং ডিসিএম ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উপস্থিতিতে ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হলে মোট ছয়টি প্যাকেটে ১৮ কেজি গাঁজা উদ্ধার হয়।
এরপরই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের একজনের বাড়ি বাধারঘাট এলাকায় এবং অপরজনের বাড়ি হাঁপানিয়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।
তিনি আরও জানান, ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে গাঁজার উৎস এবং কোথায় তা পাচারের উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা গাঁজাগুলি নিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।
ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর পেছনে কোনও বড় চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কলেজটিলা লেকের পাড় এলাকায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ