
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স. ) : তৃণমূল ত্যাগী লোকসভার ২০ জন
সাংসদের ব্যাপারে কড়া মন্তব্য করল সর্বোচ্চ আদালত।
বুধবার মৌখিকভাবে সুপ্রিম কোর্ট জানাল, বিচারপতিরা চান স্পিকার ওই ২০ জনের বিরুদ্ধে দায়ের হওয়া সাংসদ পদ খারিজ সংক্রান্ত আবেদনের উপর দ্রুত শুনানি করবেন। সিদ্ধান্ত নেবেন।
পাশাপাশি বেঞ্চ জানায়, তারা স্পিকারকে কোনও নির্দেশ দিতে পারে না। কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টি মনে করিয়ে দিতে পারে।
মামলার পরবর্তী শুনানি অক্টোবর মাসে।
এই ঘটনায় তৃণমূল ত্যাগী লোকসভার ২০ জন
সাংসদের উপর চাপ বাড়ল। মাত্র দুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদাররা নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আরও এক মাস সময় চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন।
বুধবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। স্পিকারের কাছে এই সাংসদদের লোকসভার সদস্য পদ খারিজের আবেদনের পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মৌখিক পর্যবেক্ষণে আদালত এদিন জানিয়েছে, তারা অভিষেকের আবেদন এখনই খারিজ করে দিচ্ছে না। পরিস্থিতি কোন দিকে যায় সেটাও দেখতে চায় সর্বোচ্চ আদালত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত