শ্রীকাকুলামে ট্রেনের ধাক্কায় চার ছাত্রের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
হায়দরাবাদ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার টেক্কালি মণ্ডলের রাভিভলাসা এলাকায় বুধবার দুপুরে স্টেট রানি এক্সপ্রেসের ধাক্কায় চার ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র। পুকুর থেকে মাছ ধরে ফেরার সময় বার্মা কলোনির কা
শ্রীকাকুলামে ট্রেনের ধাক্কায় চার ছাত্রের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর


হায়দরাবাদ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার টেক্কালি মণ্ডলের রাভিভলাসা এলাকায় বুধবার দুপুরে স্টেট রানি এক্সপ্রেসের ধাক্কায় চার ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র। পুকুর থেকে মাছ ধরে ফেরার সময় বার্মা কলোনির কাছে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিশাখা রাও, দিলীপ, শরদ এবং শিব। আহত ছাত্র সালমান রাজুকে টেক্কালির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেক্কালি থানার এক আধিকারিক জানান, ভুবনেশ্বর থেকে গুনুপুরগামী স্টেট রানি এক্সপ্রেস রেললাইন পার হওয়া ছাত্রদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চার ছাত্রের মৃত্যু হয়। আধিকারিকের মতে, মৃত ও আহত সকলেই ইন্টারমিডিয়েট অর্থাৎ দ্বাদশ শ্রেণির ছাত্র এবং টেক্কালির সরকারি এসসি/এসটি ছাত্রাবাসে থাকত। তারা সকলেই টেক্কালি মণ্ডলের দামরু গ্রামের বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও প্রশাসনকে জানান। পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ মৃতদেহগুলি পরীক্ষা করে প্রাথমিক তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে।

এদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি আধিকারিকদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। আহত ছাত্রকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande