
গেজিং (পশ্চিম সিকিম), ২৪ সেপ্টেম্বর (হি.স.): লাগাতার বৃষ্টির জেরে পশ্চিম সিকিমের ইয়ুকসোম-তাশিদিং বিধানসভা কেন্দ্রের অধীন রিম্বি গ্রামে নতুন করে ভয়াবহ ধস নামল। পাহাড়ের ওপর থেকে বিপুল পরিমাণ কাদা, বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ গড়িয়ে পড়তে থাকায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
টানা বর্ষণের কারণে সৃষ্ট এই কাদামাটির স্রোত স্থানীয় বাসিন্দাদের দুশ্চিন্তা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। ধসের গতিপথের কাছাকাছি থাকা একাধিক বসতবাড়ি ও সম্পত্তি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। এছাড়া রাস্তাঘাটে পাথর ও কাদা জমে যাওয়ায় এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ