
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ দিল্লিতে সত্য নিকেতন বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। এছাড়াও ১২ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখনও উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো যায়নি। তার নীচে আরও কেউ কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। ৬ তলা ওই বাড়িটি পেইং গেস্ট হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। অভিযোগ, বাড়ির নির্মাণেই ছিল একাধিক গলদ।
সোমবার সকালে দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, আর কেউ ভেতরে আছেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ শিক্ষার্থীদের বিষয়টি আমরা আগেই নিশ্চিত করেছি। আপনারা জানেন এখান থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের ভেতরে হয়তো একজন অজ্ঞাতপরিচয় শ্রমিক থাকতে পারেন, তবে পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। কঠোরতম ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে; এমনকি মামলাও দায়ের করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও সোমবার সকালে ঘটনাস্থলে যান, উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ