
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে বহুতল বিপর্যয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সত্য নিকেতন বহুতল ভেঙে পড়ার ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নির্দেশ অনুযায়ী, এমসিডি-র ডেপুটি কমিশনার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ দিল্লিতে সত্য নিকেতন বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। এছাড়াও ১২ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখনও উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো যায়নি। তার নীচে আরও কেউ কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। ৬ তলা ওই বাড়িটি পেইং গেস্ট হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। অভিযোগ, বাড়ির নির্মাণেই ছিল একাধিক গলদ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ