
শিলিগুড়ি, ১১ নভেম্বর (হি.স.): উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে লোকালয়ে চিতাবাঘ। মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে শান্তিপুর এলাকায় চিতাবাঘটিকে দেখা যায়। একটি বাড়ির শৌচালয়ের মধ্যে লুকিয়ে ছিল চিতাবাঘটি। এক ব্যক্তি সেখানে যেতেই তার উপর হামলা করে। খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা এলাকায় পৌঁছন। আশপাশে চিতাবাঘটি লুকিয়ে রয়েছে বলে অনুমান বনকর্মীদের।
জখম ব্যক্তির নাম অভিষেক প্রসাদ। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা। আতঙ্কে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ক্ষত বেশ গুরুতর বলেই খবর। হামলার পরই বাড়ি থেকে পালিয়ে যায় চিতাবাঘ। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন তাঁরা। এই ঘটনার পর শিবমন্দির এলাকা প্রায় শুনশান, অনেক দোকানপাটও বন্ধ। এই এলাকায় চিতাবাঘ কোথা থেকে এল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও বহুবার শিলিগুড়ি শহরে চিতাবাঘের দেখা পাওয়া গিয়েছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিবমন্দির এলাকাতেও চিতাবাঘ দেখা গিয়েছিল। ফের নতুন করে চিতাবাঘ আনাগোনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ