বিশ্ব মঞ্চে চৈতন্যদেব, প্রকাশিত ইংরেজি অনুবাদ
কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী রচিত ‘চৈতন্যদেব’ গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশিত হল কলকাতায়। ২০১২ সালে প্রকাশিত বাংলা বইটির জনপ্রিয়তা এই অনুবাদের পথ সুগম করে। শনিবার ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এবং বুকপেকার্স প
বিশ্ব মঞ্চে চৈতন্যদেব, প্রকাশিত ইংরেজি অনুবাদ


কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী রচিত ‘চৈতন্যদেব’ গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশিত হল কলকাতায়। ২০১২ সালে প্রকাশিত বাংলা বইটির জনপ্রিয়তা এই অনুবাদের পথ সুগম করে। শনিবার ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এবং বুকপেকার্স পাবলিশিং হাউস অ্যান্ড লিটারারি এজেন্সির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটি প্রকাশ করেন বিশিষ্ট শিল্প ও সাহিত্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। অনুবাদক উপমন্যু মজুমদার।

ওই অনুষ্ঠানে লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেন, চৈতন্যদেবকে বোঝার জন্য শুধু চলচ্চিত্র বা ধারাবাহিক যথেষ্ট নয়, তাঁকে জানতে হবে তাঁর বৈপ্লবিক ধর্মচেতনার মাধ্যমে।

এদিনের অনুষ্ঠানে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের একাডেমিক ডিন ড. সুমন্ত রুদ্র বলেছেন, চৈতন্যদেবের বাণী আজও প্রাসঙ্গিক দিশা দেখায়। এদিকে, প্রচ্ছদে গগনেন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করেছেন প্রচ্ছদশিল্পী অধ্যাপক পিনাকী দে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির মহানির্দেশক লেফটেন্যান্ট কর্নেল অনন্ত সিনহা, স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ, ইতিহাসবিদ কিংশুক চ্যাটার্জি, বুকপেকার্সের কর্ণধার বসুন্ধরা ঘোষাল এবং বাচিক শিল্পী সুদীপ্তা মুখোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande