
গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : আগামী ১৮ জুলাই গুয়াহাটিতে অনুষ্ঠেয় কৃষি পরিকাঠামো তহবিল (অ্যাগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, সংক্ষেপে এআইএফ) কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ রবিবার কৃষিমন্ত্রী পীযূষ হাজরিকা জনতা ভবনে কৃষি বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক প্রস্তুতি বৈঠক করেছেন।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে নির্ধারিত অনুষ্ঠেয় কর্মসূচিতে অসমের বিভিন্ন প্রান্তের পাঁচ হাজারের বেশি কৃষক এবং বিভিন্ন ব্যাংকের আধিকারিকরা অংশগ্রহণ করবেন।
বৈঠকে মন্ত্রী হাজরিকা অনুষ্ঠানের সফল আয়োজনের লক্ষ্যে চলমান প্রস্তুতির পর্যালোচনা করেছেন। পাশাপাশি, কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পের কার্যকর বাস্তবায়নের জন্য গ্রহণযোগ্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
মন্ত্রী পীযূষ হাজরিকা বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন যাতে কৃষক ও কৃষি উদ্যোক্তারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের ৩ শতাংশ সুদ ভর্তুকির সুবিধা সহ প্রাতিষ্ঠানিক ঋণ লাভ করতে পারেন এবং এর মাধ্যমে রাজ্যের কৃষি পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস