
কলকাতা, ২৬ আগস্ট (হি. স. ) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'বহিরাগত হামলার' পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেও কাজ শুরু করতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার কমিটির প্রথম বৈঠক যথাসময়েই হবে বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
ওই হামলার পর পেরিয়ে গিয়েছে সাত দিন। হামলায় অভিযুক্তদের চিহ্নিত করে কোনও পদক্ষেপ করতে পারেননি কর্তৃপক্ষ বা প্রশাসন। সিসি ক্যামেরার ফুটেজ হাতে নিয়েছে পুলিশ। কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবিভিপি।
জানা গিয়েছে, বাংলার অধ্যাপক রাজ্যেশ্বর সিংহের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রতীক-ফলক ভাঙার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। এবিভিপি-র কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী জানিয়েছেন, প্রতীক-ফলক ভাঙার ঘটনার পাশাপাশি তাঁরা বিশ্ববিদ্যালয়ের অন্দরে লেখা নানা দেশবিরোধী স্লোগান নিয়েও পদক্ষেপ করতে চাইছেন।
তাঁদের দাবি, জুটা-র সভাপতি অধ্যাপক পার্থপ্রতিম রায় ও সাধারণ সম্পাদক রাজ্যেশ্বর সিংহের মদতেই রাষ্ট্রবিরোধী স্লোগান লেখা হয়। তাই এই দুই অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত চাইছে এবিভিপি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি এবং সাম্প্রতিক সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছছন রাসবিহারীর বিধায়ক তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব স্বপন দাশগুপ্ত। একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের উদ্বেগের কথা প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনা রাজ্যের ঐতিহ্যবাহী এই শিক্ষাকেন্দ্রের সুনাম ক্ষুণ্ণ করছে। তাঁর দাবি, যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে সব রাজনৈতিক দলেরই উসকানি থেকে দূরে থাকা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত