
গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : আজ রবিবার প্রবল বৃষ্টিপাতের জেরে ফের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে গুয়াহাটি মহানগরে। শহরের নয় মাইল, দশ মাইল, জোড়াবাট, ছয় মাইন প্রভৃতি এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানজট কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যান চলাচলের রুট পরিবর্তন করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুয়াহাটির দিকে আগত হালকা মোটরযান (এলএমভি) ডিগারু থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, শহর থেকে বেরিয়ে যাওয়া যানবাহনকে কইনাধরা পয়েন্ট থেকে বিকল্প পথে পাঠানো হচ্ছে। গুয়াহাটি ছেড়ে যাওয়া যাত্রীদের জলমগ্ন রাস্তা ও যানজট এড়াতে নরেঙ্গি রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় টানা ভারী বৃষ্টির পর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। বর্ষাকালে এটি গুয়াহাটির নিয়মিত সমস্যা। বিশেষ করে নিচু এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বাসিন্দাদের চরম দুর্ভোগের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচলও ব্যাহত হয়েছে।
পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় ৫০ শতাংশের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আরও জলাবদ্ধতা ও অতিরিক্ত যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।
প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। প্রয়োজন ছাড়া জলাবদ্ধ এলাকায় যাতায়াত না করার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। এছাড়া, যাত্রার আগে রুট পরিকল্পনা করে বের হওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের জারিকৃত ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস