
ঝাড়্গ্রাম, ১১ অক্টোবর (হি.স.): স্কুলপড়ুয়াদের নেশার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় বিশেষ সচেতনতা অভিযান চালাল ঝাড়গ্রাম জেলা পুলিশ। রবিবার সাঁকরাইল ব্লকের কুলটিকরী বাজারে সাঁকরাইল থানার পুলিশের উদ্যোগে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। স্কুলের আশপাশে নেশাজাতীয় সামগ্রী বিক্রি বন্ধ করতে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি আইন অমান্য করলে কড়া পদক্ষেপের বার্তাও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।এদিন পদযাত্রা চলাকালীন এলাকার দোকানদারদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। স্কুলের আশপাশে পড়ুয়াদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কোনও নেশাজাতীয় সামগ্রী বিক্রি না করার নির্দেশ দেওয়া হয় তাঁদের। এমনকি পান বিক্রির ক্ষেত্রেও তামাকজাত দ্রব্য ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। পড়ুয়াদের সুস্থ ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যবসায়ীদের এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আবেদন জানানো হয়। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধু সচেতনতা প্রচার করেই এই অভিযান শেষ হবে না। আগামী দিনেও স্কুল সংলগ্ন দোকানগুলিতে নিয়মিত নজরদারি চালানো হবে।প্রয়োজনে সাদা পোশাকেও অভিযান চালাবেন পুলিশকর্মীরা। নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সামগ্রী বিক্রির প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এদিনের পদযাত্রায় পুলিশকর্মীদের পাশাপাশি এলাকার সমাজসেবী, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। পড়ুয়াদের নেশার কুপ্রভাব থেকে রক্ষা করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য, স্কুলপড়ুয়াদের মধ্যে নেশার প্রবণতা রুখে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা আহ্বান জানান পুলিশ কর্মীরা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো