
মালদা, ১২ অক্টোবর (হি.স.):-
আরএসএসের স্কুলে প্রশিক্ষণ দিয়ে গুন্ডা তৈরি করা হয়। মালদার ইংরেজবাজারে এসআইআরের প্রতিবাদ সভা থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাল্টা তাঁকে কটাক্ষ করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।
সোমবার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং এসআইআরের প্রতিবাদে বামপন্থী দলগুলির উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভা শেষে শহরে মিছিলও করেন বাম কর্মী-সমর্থকরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বামফ্রন্ট আমলে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু হয়েছিল। সেই শিক্ষাব্যবস্থাকে রক্ষা করা জরুরি। অথচ বর্তমানে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরএসএসের স্কুলে কী শেখানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, আরএসএসের স্কুলে প্রশিক্ষণ দিয়ে গুন্ডা তৈরি করা হচ্ছে। যাঁরা ওই স্কুলে পড়াশোনা করেছেন এবং বর্তমানে প্রতিষ্ঠিত, তাঁদের বক্তব্যের ভিত্তিতেই তিনি এই মন্তব্য করছেন বলেও দাবি করেন সিপিএম নেতা।
এর পাল্টা খগেন মুর্মু বলেন, বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিএমের দৃষ্টিভঙ্গি থেকেই এ ধরনের মন্তব্য করছেন। আরএসএস রাষ্ট্র নির্মাণের কাজ করে। আরএসএস সম্পর্কে এমন মন্তব্যের জন্য বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ধিক্কার জানান বিজেপি সাংসদ। দুই পক্ষের এই বাকযুদ্ধকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়