
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বেলেঘাটার জনপ্রতিনিধি কুণাল ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে কঠোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। এর পাশাপাশি, কুণাল ঘোষের গাড়ি ভাঙচুর এবং বাইকার বাহিনীর দ্বারা আক্রান্ত হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সংক্রান্ত পুরো বিষয়টি ইতিমধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন আলোচিত ‘ডিম হামলা’ মামলার পাশাপাশি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় দলীয় কাজ ও জনসংযোগের সময়ে বাইক আরোহী দুষ্কৃতীদের দ্বারা চরম হেনস্তা ও সুনির্দিষ্টভাবে প্রাণনাশের ঝুঁকির মুখে পড়ে আদালতের দ্বারঘটস্থ হয়েছিলেন বিধায়ক কুণাল ঘোষ। আদালতের কাছে তিনি নিজের জীবনের নিরাপত্তা এবং ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আর্জি জানান।
ঘটনার সূত্রপাত কুণাল ঘোষের নিজ বিধানসভা কেন্দ্র বেলেঘাটায়। অভিযোগ ওঠে যে, বিধায়কের গাড়িটি হঠাৎ থামিয়ে একদল সশস্ত্র বাইক আরোহী দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। কুণাল ঘোষের দাবি অনুযায়ী, হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল কেবল গাড়ি ভাঙচুর করাই নয়, বরং একটি রিভলভার এবং হাতুড়ি দিয়ে সরাসরি তাঁকে প্রাণে হত্যা করা। চরম আতঙ্কজনক সেই পরিস্থিতিতে চালকের সাহসিকতা এবং নিজের উপস্থিত বুদ্ধিতে তিনি গাড়ি থেকে নেমে দ্রুত নারকেলডাঙ্গা থানায় ঢুকে নিজের প্রাণ বাঁচান। বিধায়কের গাড়ির চালকও পুলিশের কাছে দেওয়া বয়ানে জানিয়েছেন যে, অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল। এর আগে উত্তরপাড়ায় তাঁর কনভয় ও গাড়ির ওপর হামলা চালানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
এই ঘটনার পরপরই প্রথমে নারকেলডাঙ্গা থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। পরবর্তীতে একই অভিযোগের গুরুত্ব বিচার করে বেলেঘাটা থানা স্বতঃপ্রণোদিত হয়ে একটি সুনির্দিষ্ট এফআইআর নথিভুক্ত করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে। হামলা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং কঠোর অস্ত্র আইনসহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
নিরাপত্তার অভাব এবং ন্যায়বিচারের দাবিতে বিধায়ক কুণাল ঘোষ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার সংবেদনশীলতা ও গুরুত্ব বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি দায়ের করার অনুমতি দেন এবং সোমবার পুলিশ কমিশনারকে কুণাল ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
আদালতের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কুণাল ঘোষের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুরের অভিযোগ এবং পূর্বের ঘটনার সমস্ত প্রেক্ষাপট এখন থেকে প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন আগের ‘ডিম হামলা’ সংক্রান্ত জনস্বার্থ মামলার সঙ্গেই একত্রে শুনানি করা হবে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ