
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.): রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ছুরি নিয়ে তাঁকে আক্রমণের চেষ্টার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। তৃণমূল সাংসদ দোলা সেনের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
দোলা সেনের দাবি, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ তন্নিষ্ঠা সাহা নামে ওই মহিলা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উপস্থিত হন। তাঁর অভিযোগ, ওই মহিলা নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি বলে পরিচয় দেন। ছুরি হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা করার পাশাপাশি বাড়ির সামনে অশান্তি সৃষ্টি করেন বলেও অভিযোগ। পরে তিনি রাস্তায় শুয়ে পড়েন বলে দাবি দোলা সেনের। ওই মহিলা মাদকাসক্ত বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।
ঘটনার কথা জানিয়ে কালীঘাট থানার ওসিকে ইমেল করেছেন দোলা সেন। এই ঘটনার জন্য বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তাপস রায় পাল্টা কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের জমানার কথা ভুলে গিয়েছেন? ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের পরই ঘটনার পূর্ণ বিবরণ স্পষ্ট হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য