
কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.) : শারদোৎসবের পবিত্র মহোৎসবের নবরাত্রির তৃতীয় দিনে আজ পূজিত হচ্ছেন দেবী দুর্গার তৃতীয় রূপ—মা চন্দ্রঘণ্টা। সনাতন ধর্মানুসারে, দেবী চন্দ্রঘণ্টা হলেন অপার সাহস, অসীম শক্তি ও সুরক্ষার প্রতীক, যিনি সাধকদের জীবনে সমস্ত ভয় ও অশুভ শক্তির বিনাশ ঘটান। দেবীর কপালে ঘণ্টার আকৃতিযুক্ত অর্ধচন্দ্র বা চাঁদ বিরাজমান থাকার কারণেই তাঁর এই নামকরণ হয়েছে। ভক্তদের বিশ্বাস, দেবীর আরাধনা করলে আত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়।
এদিকে, নবরাত্রির এই তৃতীয় তিথি ও দেবীর বন্দনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ফেসবুকের নিজস্ব পেজে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টে তিনি শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন—“চঞ্চল চরণে চলে অচলনন্দিনী/ তরুণ অরুণ যেন চরণ দু'খানি”। এর পাশাপাশি তিনি রাজ্যের সমস্ত মানুষকে শারদোৎসব ও নবরাত্রির তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত