
হাওড়া, ১৩ অক্টোবর (হি.স.): দলীয় অনুষ্ঠানে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির মনসাতলার দলীয় কার্যালয়ের নতুন ভবনের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “পার্টিই প্রথম, পার্টিই শেষ কথা। পার্টি থাকলেই বিধায়ক, সাংসদ থাকবে।” একই অনুষ্ঠানে সংখ্যালঘুদের বিজেপির দিকে এগিয়ে আসার দাবি করে দলের নেতা-কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দেন তিনি।
শমীকের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে কার্যকর বিরোধী শক্তির অভাব গণতন্ত্রের পক্ষে শুভ নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “রয়্যাল বেঙ্গল টাইগার এখন দিল্লিতে আরশোলা, টিকটিকিদের দলে ঢুকছে।”
বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও তাঁদের সঙ্গে আসছেন। তাই দলের দায়িত্ব বাড়ছে। পাশাপাশি আগামী দিনে হাওড়া জেলা পরিষদ ও পঞ্চায়েতগুলিতে জয়ের লক্ষ্যে নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে শমীক বলেন, যাঁরা তাঁদের অধিকার কেড়ে নিয়েছিলেন, তাঁদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। তবে প্রতিহিংসার পথে না হেঁটে দলীয় সংগঠন শক্তিশালী করার বার্তাও দেন তিনি।
এদিনের অনুষ্ঠানে শমীকের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাঁর মন্তব্যের মূল লক্ষ্য ছিল দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়