
কাঠমান্ডু, ১৪ অক্টোবর (হি.স.): সরকারি স্কুলের প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আগ্রহ বাড়াতে দেশের ১০৯টি বড় সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। চলতি অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৬৫৪ কোটি নেপালি টাকা বরাদ্দ করা হয়েছে। ভালো ফল করে এবং যেখানে পড়ুয়ার সংখ্যা ২ হাজারের বেশি, এমন স্কুলগুলিকে এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
নেপালের শিক্ষামন্ত্রী তথা ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পের প্রথম পর্যায়ে ৮৯টি স্কুলের জন্য ইতিমধ্যেই ৫৩৪ কোটি নেপালি টাকা ছাড়া হয়েছে।
এই অর্থে স্কুলগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা-সহ তিনতলা ভবন তৈরি করা হবে। প্রতিটি ভবনে থাকবে ১২টি কক্ষ। একটি স্কুলের ভবন নির্মাণে আনুমানিক ৬ কোটি নেপালি টাকা খরচ হবে। নতুন ভবনগুলিতে আধুনিক শ্রেণিকক্ষ, সুপরিকল্পিত পরীক্ষাগার এবং সমৃদ্ধ গ্রন্থাগারের ব্যবস্থা থাকবে। এর ফলে পড়ুয়ারা আরও নিরাপদ ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে বলে জানান মন্ত্রী।
পোখরেল বলেন, কিছু সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ছে, যা ইতিবাচক দিক। আবার কিছু স্কুলে পড়ুয়ার অভাবে সমস্যা তৈরি হচ্ছে। সরকার এই দুই পরিস্থিতি সম্পর্কেই সচেতন। স্কুলগুলির মধ্যে পরিকাঠামোগত বৈষম্য কমাতে বড় স্কুলগুলির উন্নয়নের মাধ্যমে কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য