১৭ থেকে ২২ অক্টোবর ভারত ও উজবেকিস্তান সফরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও
ওয়াশিংটন, ১৪ অক্টোবর (হি. স): মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী ১৭ থেকে ২২ অক্টোবর উজবেকিস্তান ও ভারত সফর করবেন। এই সফরে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সহযোগিতা এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা
১৭ থেকে ২২ অক্টোবর ভারত ও উজবেকিস্তান সফরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও


ওয়াশিংটন, ১৪ অক্টোবর (হি. স): মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী ১৭ থেকে ২২ অক্টোবর উজবেকিস্তান ও ভারত সফর করবেন। এই সফরে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সহযোগিতা এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তিনি। মার্কিন বিদেশ দফতরের ১৩ অক্টোবর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, উজবেকিস্তান সফরের পর তিনি ভারতের মুম্বই ও জামনগরেও যাবেন।

সফরের প্রথম পর্যায়ে রুবিও উজবেকিস্তানের সমরকন্দে C5+1 মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। মধ্য এশিয়ার পাঁচটি দেশ—উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার মঞ্চ হল C5+1। এই পাঁচটি দেশকে একত্রে C5 বলা হয় এবং এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণে মঞ্চটির নাম C5+1। এই কূটনৈতিক মঞ্চের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানো এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সমরকন্দে বৈঠকের পাশাপাশি রুবিও C5 গোষ্ঠীর পাঁচটি দেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই সফরে তাঁর নেতৃত্বে ২০০-রও বেশি ব্যবসায়ী নেতাকে নিয়ে একটি মার্কিন বাণিজ্যিক প্রতিনিধিদল অংশ নেবে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে মার্কিন বিদেশ দফতরের বিবৃতিতে জানানো হয়েছে।

উজবেকিস্তান সফরের পর রুবিও ভারতে আসবেন। চলতি বছরে এটি হবে তাঁর দ্বিতীয় সরকারি ভারত সফর। এই সফরে তিনি ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি, বাণিজ্যিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande