
মুম্বই, ১৯ অক্টোবর (হি স)। মহাষ্টমীতে শেয়ারে লগ্নিকারীদের মাথায় হাত! সপ্তাহের প্রথম লেনদেনের দিনে ফের পড়ল বাজার। সোমবার এক শতাংশের বেশি হ্রাস পেয়েছে সেনসেক্স ও নিফটি-৫০।
দ্বিতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত বেশ চাঙ্গা ছিল বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। পুজোর মধ্যে সেই ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছিল। যদিও বাস্তবে উল্টো ছবি দেখা যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে হতাশা।
সোমবার বিশ্ববাজারে ফের বৃদ্ধি পায় খনিজ তেলের দাম। এ দিন ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড ১০৮ ডলারে ঘোরাঘুরি করেছে। ‘তরল সোনা’র দর ঊর্ধ্বমুখী হওয়ায় মুদ্রাস্ফীতির হার বেলাগাম হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। ফলে, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে একাধিক কঠোর নীতি নিতে দেখা যাচ্ছে। যার প্রভাবে নিম্নমুখী হয়েছে এদেশের বাজার।
সেনসেক্স ও নিফটি-৫০র পতনের জেরে এ দিন বাজার থেকে উবে গিয়েছে চার লক্ষ কোটি টাকা। বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির মূলধনের অঙ্ক সর্বশেষ লেনদেনের নিরিখে ৪৭২.৬ লক্ষ কোটি থেকে কমে ৪৬৯ লক্ষ কোটি টাকায় চলে এসেছে। স্টকের সূচক নিম্নমুখী হওয়ার জন্য মূলত তিনটি কারণকে চিহ্নিত করেছে আর্থিক বিশেষজ্ঞ মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত