
ওয়াশিংটন, ১৯ অক্টোবর (হি.স.): ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছে আমেরিকা। একই সঙ্গে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্যের ভারসাম্য রক্ষা করতে এবং ভারতের মতো কৌশলগত মিত্রের বাস্তব জ্বালানি চাহিদার দিকটি বিবেচনা করেই ওয়াশিংটনকে বেশ কিছু নিষেধাজ্ঞা মকুব করতে হয়েছে বলে জানালেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। রুশ তেল ও প্রাকৃতিক গ্যাস এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও সোমবার বলেন, বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ এবং মূল্যের ওপর সম্ভাব্য প্রভাবের কারণেই বিগত কয়েক মাসে আমাদের বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করতে হয়েছে। আমাদের এই সমস্ত দিকগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে সামাল দিতে হচ্ছে। আমরা এই মুহূর্তে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রয়াস চালাচ্ছি এবং আমরা তা সম্পন্ন করার অত্যন্ত কাছাকাছি রয়েছি।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড় ও বৈদেশিক নীতি নির্ধারণের জটিলতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট যখন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড় বা এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন এই বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলিও বিবেচনায় রাখা হয়। প্রতিটি দেশেরই কিছু নিজস্ব জটিল সমীকরণ থাকে, যা তাদের হিসেবে রাখতে হয়। ভৌগোলিক অবস্থান ও বাস্তবতা অনস্বীকার্য। কিছু কিছু দেশের পক্ষে রাতারাতি বিকল্প উৎস থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা অত্যন্ত কঠিন। এটিকে অজুহাত হিসেবে দেখা ঠিক নয়, তবে বৈদেশিক নীতি প্রণয়নের সময় এই সমস্ত বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই এগোতে হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ