
মুম্বই, ২০ অক্টোবর (হি.স.): মঙ্গলবার ভোরে মুম্বইয়ের কুরলায় একটি ১৩ তলা আবাসনে আগুন লাগে। আহত তিন শিশু-সহ অন্তত ৯ জন। এ দিন স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কুরলা পশ্চিমের কোহিনূর এইচডিআইএল বিল্ডিং নম্বর ৫-এ সকাল ৬টা ৫৩ মিনিট নাগাদ আগুন লাগে। বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে পড়ে| সকাল ৭টা ২১ মিনিটে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ দিন এক পৌর আধিকারিক জানান, ঘন ধোঁয়ায় ভবনটি ঢেকে যাওয়ায় আটজন বাসিন্দা শ্বাসরুদ্ধ হয়ে পড়েন এবং একজনের ডান পায়ে আঘাত লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। দমকলের তৎপরতায় কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের পাশাপাশি পৌঁছন বিদ্যুৎ সংস্থা, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ওয়ার্ড কর্মীরাও| কী কারণে আগুন লেগেছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও জানা যায়নি। আবাসনের কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়েও এখনও কিছু জানা যায়নি।i
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ