
কলকাতা, ২০ অক্টোবর (হি স): রাজ্যে স্ট্যাম্প পেপার অমিলের অভিযোগ তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মঙ্গলবার রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জানা গেছে, ২০ নভেম্বরের আগে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ নভেম্বরের আগে পাল্টা হলফনামা জমা দেবেন মামলাকারী। ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্য প্রশাসনের নির্দেশে স্ট্যাম্প পেপার ভেন্ডরদের কাছ থেকে নিয়ম না মেনে ২৫ হাজার স্ট্যাম্প পেপার সংগ্রহ করে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এবং পুলিশের কর্মীরা ঋতব্রতপন্থী তৃণমূলের কংগ্রেসের হয়ে এলাকায় তৃণমূল কর্মীদের কাছে গিয়ে সেইগুলিতে সই করাচ্ছেন। তাই ১০, ২০ টাকার স্ট্যাম্প পেপার অমিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে জনস্বার্থে মামলা দায়ের হয়েছে।
এ দিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, মহারাষ্ট্রে তেলগি স্ট্যাম্প পেপার দুর্নীতির পরে স্ট্যাম্প পেপার বণ্টনের নিয়মে আমূল পরিবর্তন এসেছে। সেই নিয়ম রাজ্য কি মেনে চলছে ?
রাজ্যের আইনজীবী জানান, রাজ্য পুলিশের বিরুদ্ধে যা যা অভিযোগ তোলা হচ্ছে সেগুলি ঠিক নয়। ভুল অভিযোগ করা হচ্ছে। এই মামলা আদালতের গ্রহণ করা উচিত হবে না।
মামলাকারীর পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, শেষ তিন সপ্তাহে বন্টন হওয়া সমস্ত স্ট্যাম্প পেপারের বিস্তারিত তথ্য আদালতে পেশ করা হোক। রাজ্যের আইনজীবী পাল্টা জানান, রাজ্য সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে চায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত