
জঙ্গিপুর, ২২ অক্টোবর (হি.স.): একাদশীর দিন ঐতিহ্যবাহী নৌকাবাইচের মাধ্যমে পেটকাটি প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের আবহে মাতল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। গঙ্গার ঘাটে ভিড় জমান অসংখ্য মানুষ। ঐতিহ্যবাহী এই বিসর্জন দেখতে দূরদূরান্ত থেকেও বহু দর্শনার্থী উপস্থিত হন।
এদিন একে একে বিভিন্ন পুজো কমিটির প্রতিমা বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে নিয়ে আসা হয়। নৌকাবাইচের মাধ্যমে প্রতিমা বিসর্জনের বিশেষ আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নৌকাবাইচের মনোরম দৃশ্য উপভোগ করতে নদীর দুই পাড়ে মানুষের ভিড় চোখে পড়ে। ঢাকের বাদ্যি, দর্শনার্থীদের উচ্ছ্বাস এবং উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ঘাটে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিসর্জন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নজরদারি চালানো হয়।
ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে জঙ্গিপুরের এই নৌকাবাইচ ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পেটকাটি প্রতিমার বিসর্জনকে কেন্দ্র করে একাদশীর দিন রঘুনাথগঞ্জে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ঐতিহ্যকে সামনে রেখে এই আয়োজন মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়