
হুগলি, ২৩ অক্টোবর (হি.স.):- হাওড়া জিআরপি জেলার অন্তর্গত কামারকুণ্ডু ও শেওড়াফুলি জিআরপি থানার তৎপরতায় উদ্ধার হল প্রায় সাত লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। ট্রেনের কামরায় ফেলে যাওয়া মূল্যবান গয়নাভর্তি ব্যাগ উদ্ধার করে সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের হাতে তুলে দিল রেল পুলিশ। পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি ওই মহিলা।
শুক্রবার রেল সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেনে যাত্রা করার সময় কামারকুণ্ডু রেলস্টেশনে নেমে যান এক মহিলা। কিন্তু অসাবধানতাবশত ট্রেনের কামরায় নিজের একটি ব্যাগ ফেলে নেমে পড়েন তিনি। ওই ব্যাগের মধ্যে বেশ কিছু মূল্যবান সোনার গয়না ছিল। বিষয়টি জানার পর কামারকুণ্ডু জিআরপি থানার তরফে দ্রুত শেওড়াফুলি জিআরপি থানাকে খবর দেওয়া হয়।
খবর পাওয়ার পর শেওড়াফুলি রেলস্টেশনে ট্রেনটি পৌঁছতেই তল্লাশি শুরু করেন রেল পুলিশের কর্মীরা। তল্লাশির সময় উদ্ধার হয় গয়নাভর্তি ওই ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল প্রায় ৪০ গ্রাম ওজনের এক জোড়া সোনার বালা, প্রায় ৩ গ্রাম ওজনের এক জোড়া কানের দুল এবং প্রায় ৫ গ্রাম ওজনের দুটি লকেট।
পরে ওই মহিলা শেওড়াফুলি জিআরপি থানায় পৌঁছলে যথাযথ যাচাইয়ের পর সমস্ত গয়না সহ ব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে রেল পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন তিনি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়