
উত্তর ২৪ পরগনা, ২৫ অক্টোবর (হি.স.): এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় গাইঘাটা এলাকায় উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, ওই ছাত্রীর বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। রবিবার সকালে এক প্রতিবেশীর বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, শনিবার রাতে ওই ছাত্রী একটি বিচিত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। বাড়ি গাইঘাটা থানা এলাকাতেই। শনিবার রাতে বাড়ির পাশে বিচিত্রা অনুষ্ঠান হচ্ছিল৷ সেখানেই গিয়েছিল ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, রাতে একটি ফোন এলে ওই ছাত্রী বিচিত্রা অনুষ্ঠান না দেখেই চলে যায়৷ তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। এরপর সকালে প্রতিবেশীর বাড়ির শৌচালয়ের সামনে তার ক্ষতবিক্ষত দেহ মেলে। এরপরেই মৃতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে| এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ