
উত্তর ২৪ পরগনা, ২৫ অক্টোবর (হি.স.): একাদশ শ্রেণির এক ছাত্রীর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রামচন্দ্রপুর এলাকায়। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী এলাকার একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত। রাতে বাড়ির পাশে একটি বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান দেখতে গিয়েছিল সে। পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন আসার পর অনুষ্ঠান না দেখেই সেখান থেকে চলে যায় ওই ছাত্রী। এরপর আর বাড়ি ফেরেনি সে।
পরিবারের সদস্যরা সারা রাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকালে এক প্রতিবেশীর বাড়ির সামনে থেকে ছাত্রীর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবারের তরফে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় মাদকাসক্ত ব্যক্তি ও গরু পাচারের সঙ্গে যুক্ত লোকজনের যাতায়াত রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে ওই অভিযোগের কোনও যোগসূত্র এখনও প্রমাণিত হয়নি।
পুলিশ ইতিমধ্যেই মৃতার এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়