
মালদা, ২৫ অক্টোবর (হি.স.): বাড়ির দোতলার শোয়ার ঘরে বিছানার উপর থেকে এক সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর এলাকায়। মৃতের নাম পবিত্র কর্মকার (৪২)। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। অসুস্থতার কারণে মৃত্যু, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন পবিত্রবাবু। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও হাঁটাচলা করতে পারলেও কথা বলতে অসুবিধা হতো তাঁর। সিভিক ভলান্টিয়ার হিসেবে প্রাপ্ত বেতনেই চলত সংসার। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও এক কন্যাসন্তান।
পরিবারের সদস্যরা দোতলার শোয়ার ঘরে বিছানার উপর পবিত্রবাবুকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে মিল্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাড়িতে থাকা অবস্থায় কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, নাকি শারীরিক অসুস্থতার কারণেই এই পরিণতি, তা তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়