
বাসন্তী, ২৫ অক্টোবর (হি. স.): ফের বেপরোয়া গতির বলি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কে বাসন্তীর ৭ নম্বর বাজার এলাকায়। একটি অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম আরও ছয়। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে যাত্রী বোঝাই একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহত ৬ জন বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা