ক্যানিংয়ে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যানিং, ২৫ অক্টোবর (হি. স.): কর্তব্যরত অবস্থায় বিবাদ মেটানোর জেরেই আক্রান্ত হতে হল সিভিক ভলান্টিয়ারকে। শনিবার রাতে তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করেন কয়েকজন যুবক। ক্যানিংয়ের সাতমুখী বাজার এলাকার ঘটনা। ঘটনায় আহত সিভিক ভলান্টিয়ার ধীমান প্রামানিককে রা
ক্যানিংয়ে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন


ক্যানিং, ২৫ অক্টোবর (হি. স.): কর্তব্যরত অবস্থায় বিবাদ মেটানোর জেরেই আক্রান্ত হতে হল সিভিক ভলান্টিয়ারকে। শনিবার রাতে তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করেন কয়েকজন যুবক। ক্যানিংয়ের সাতমুখী বাজার এলাকার ঘটনা। ঘটনায় আহত সিভিক ভলান্টিয়ার ধীমান প্রামানিককে রাতেই স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলেই পুলিশ সূত্রের খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বচসা বাধে সাতমুখী বাজার এলাকায়। এক তরুণীর সঙ্গে দু’জনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করে শুরু হয় বিবাদ। সেই সময় সাতমুখী ক্যাম্পের পুলিশের সঙ্গে ডিউটিতে ছিলেন ধীমানও। পুলিশের হস্তক্ষেপে সাময়িক ভাবে সেই বিবাদ মিটিয়ে দেওয়া হয়। ধীমানের অভিযোগ, শুক্রবারের সেই ঘটনার জেরেই শনিবার রাতে তাঁকে একা পেয়ে মারধর করা হয়েছে। তাঁর দাবি, আচমকাই ৫-৬ জন স্থানীয় যুবক চড়াও হয় তাঁর উপর। তাঁকে কিল, ঘুষি ও চড় মারা হয় বলে অভিযোগ। স্থানীয় মানুষজন ও অন্যান্য সিভিক ভলান্টিয়াররা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধীমান বলেন, “ এক তরুণীর সঙ্গে দুই যুবকের ত্রিকোণ প্রেম ঘিরেই বিবাদের সূত্রপাত। এই ঘটনায় দুই যুবক ও তাঁদের অনুগামীরা নিজেদের মধ্যে মারামারি করছিল। খবর পেয়ে ক্যাম্পের পুলিশ ও আমরা গিয়ে উভয়পক্ষকেই হটিয়ে দিই। সেই রাগেই শনিবার রাতে আমার উপর হামলা হয়েছে।”অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande