
মালদা, ২৫ অক্টোবর (হি.স.): মালদার মানিকচকের ভূতনি এবং রতুয়ার কাটাহা দিয়ারার ভয়াবহ নদী ভাঙন ও বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার মালদা সফরে এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। এদিন সকাল ১০টা নাগাদ বিশেষ হেলিকপ্টারে তিনি মালদা বিমানবন্দরে অবতরণ করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দর থেকে আকাশপথেই হেলিকপ্টারে করে মানিকচকের ভূতনি ও রতুয়ার কাটাহা দিয়ারার বিস্তীর্ণ ভাঙনকবলিত এবং সাম্প্রতিক বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন মুখ্যসচিব। গঙ্গার ভাঙনে ক্ষয়ক্ষতি এবং বাঁধের বর্তমান পরিস্থিতি তিনি উপর থেকে পর্যবেক্ষণ করবেন। আকাশপথে পরিদর্শন সেরে মালদা ফিরে জেলা প্রশাসনিক ভবনে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসেন তিনি। জেলাশাসক-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বণ্টন, বন্যা পরবর্তী পুনর্বাসন এবং নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ