
ফরাক্কা, মুর্শিদাবাদ, ২৫ অক্টোবর (হি.স.): ফরাক্কার আমতলায় যুবক খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফরাক্কা থানার পুলিশ। ধৃতের নাম নাসিরুদ্দিন শেখ। তাঁর বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত অর্জুনপুরের সাঁকোপাড়া এলাকায়। নিহত যুবকের নাম মোবারক শেখ। শুক্রবার সকালে আমতলা এলাকায় তাঁর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ফরাক্কা থানা এলাকা থেকেই নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে ফরাক্কা থানার প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া, ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, থানার আইসি অমিত মুখার্জি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
পুলিশের প্রাথমিক অনুমান, মোবারক ও নাসিরুদ্দিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রবিবার ধৃতকে আদালতে পেশ করার কথা। তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুনের প্রকৃত কারণ জানার চেষ্টা করবে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়