
রায়পুর, ২৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুর-বিলাসপুর ১৩০ নম্বর জাতীয় সড়কে সোমবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ দিন আনুমানিক ভোর সাড়ে ৫টা নাগাদ বলোদাবাজার জেলার সিমগা থানা এলাকার দরচুরার কাছে দ্রুতগতির একটি যাত্রী বোঝাই বাস সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে। ঘটনায় ৩ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ মৃতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রয়্যাল ট্রাভেলসের একটি বাস সোমবার ভোরবেলা অম্বিকাপুর থেকে যাত্রীদের নিয়ে রায়পুরের উদ্দেশে রওনা হয়েছিল। বাসটিতে প্রায় ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে অধিকাংশ যাত্রীই তখন ঘুমে আচ্ছন্ন। দ্রুতগতির বাসটি ভোর সাড়ে ৫টা নাগাদ দরচুরার কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। জানা গেছে, অন্যান্য গাড়ির চালকদের সতর্ক করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির চারপাশে সতর্কতামূলক সংকেত রাখা ছিল। কিন্তু দ্রুতগতির বাসের চালক সম্ভবত তা দেখতে পাননি। আর তার জেরেই বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে। ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন।
সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীরা বাসের ভেতরেই আটকে পড়েন, গ্যাস কাটারের সাহায্যে বাসের অংশ কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়, সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ